ইতিহাস এক্সক্লুসিভ লিড নিউজ সারাদেশ

ওসমানী হাসপাতালের পরিচালকের বিদায় উপলক্ষে হিমোফিলিয়া সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

মো হাসান আহমেদ ইয়ামিন

সিলেট, ৯ সেপ্টেম্বর ২০২৬: সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের বিদায় উপলক্ষে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, সিলেট চ্যাপ্টারের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সোসাইটির সভাপতি মাওলানা মোঃ ইসমাইল আলীর নেতৃত্বে প্রতিনিধি দলটি হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সোসাইটির পক্ষ থেকে তাঁর দায়িত্বকালীন সময়ে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার ক্ষেত্রে তাঁর অবদানের কথাও স্মরণ করা হয়। সোসাইটির পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আল আরিফ সিফাত, আকাশ চন্দ্র সরকার, মোঃ আব্দুর রহিমসহ হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, সিলেট চ্যাপ্টারের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সোসাইটির নেতৃবৃন্দ ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

সোসাইটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও হিমোফিলিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবায় তাঁর অভিজ্ঞতা ও মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *