আইন আদালত এক্সক্লুসিভ রাজনীতি সারাদেশ

‎নোয়াখালীতে প্রবাসী সাবেক ছাত্রদল নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা ও অগ্নিসংযোগ


‎
‎নোয়াখালী প্রতিনিধি:
‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামে প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মো. সালা উদ্দিনের বাড়িতে মুখোশধারী একদল দুর্বৃত্তের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ১৪ই সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ই সেপ্টেম্বর রাতে একদল মুখোশ পরিহিত অজ্ঞাত যুবক আকস্মিকভাবে সালা উদ্দিনের বাড়িতে চড়াও হয়। তারা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
‎
‎ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর আলম জানান, “রাত আনুমানিক ৭টার দিকে মুখোশধারীরা বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।আগুন জ্বলতে দেখে আমরা স্থানীয়রা একত্রিত হয়ে ধাওয়া করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎প্রতিবেশী পারুল বেগম অভিযোগ করে বলেন, “মুখোশধারী যুবকেরা যখন অগ্নিসংযোগ করছিল, আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করি। কিন্তু তারা উল্টো আমার দিকেও তেড়ে আসে এবং চড়াও হওয়ার চেষ্টা করে।
‎
‎ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তৎকালীন ক্ষমতাসীনেরা কয়েক দফা এই বাড়িতে হামলা চালিয়েছিল বলে তারা শুনেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎এদিকে ঘটনার খবর পেয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎
‎বর্তমানে তুলাচারা গ্রাম ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *