Uncategorized অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ জাতীয় লিড নিউজ সারাদেশ

সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে দেওয়া হবে না’: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের‎


‎
‎
‎ফরহাদ হোসেন
‎সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সরকারি সম্পত্তি জনগণের জন্য এবং সরকারি কাজেই ব্যবহার করা হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য সরকারি সম্পত্তি ব্যবহার করতে দেওয়া হবে না।
‎
‎মঙ্গলবার ২৫ আগস্ট হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ-এর ১০ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
‎
‎হাবিবুর রশিদ হাবিব বলেন, আমরা এমন একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চাই, যার মূল ভিত্তি হবে সুশিক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
‎
‎শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান ও পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার সুষ্ঠু পরিবেশও নিশ্চিত করতে হবে।
‎
‎সরকারি জমিতে কোনো ব্যক্তির বাবা-মায়ের নামে স্থাপনা করার সমালোচনা করে তিনি বলেন, তাঁদের সরকার এ ধরনের মানসিকতা পোষণ করে না। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সহযোগিতা করবে, তবে সরকারি সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।
‎
‎তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আগামী দিনেও জনগণের কাছেই যেতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করেই তাদের মন জয় করতে হবে।
‎
‎শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা দখল করে অবৈধ স্থাপনা বা ব্যবসা করার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের নামে কেউ সরকারি বা শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল করতে পারবেন না।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। প্রয়োজনে নিজের লোকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
‎
‎শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে আড্ডাবাজি, মাদক বা অবৈধ কর্মকাণ্ড চলবে না বলেও সতর্ক করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
‎
‎অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, মন্দিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের জমি নিয়ে বিরোধের বিষয়েও কথা বলেন তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহে স্কুল, কলেজ, কবরস্থান ও মন্দির কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে সরকারি কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে যার যতটুকু প্রাপ্য, তা নির্ধারণের কথা জানান।
‎
‎হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারি সম্পত্তি শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, মন্দির, পানির পাম্প, খেলার মাঠ ও পার্কসহ জনস্বার্থে ব্যবহার করা হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ কাউকে দেওয়া হবে না।
‎

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *