রাজনীতি লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রাতের শপথের ভিডিও ভাইরাল, যুবলীগ নেতাকর্মীদের জমায়েত নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যুবলীগের নেতাকর্মীদের একটি রাতের শপথ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রায় ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক ব্যক্তি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। ভিডিওতে চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারীর নেতৃত্বে শপথ গ্রহণ করতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ কর্মসূচি পালন করা হয়।

ভিডিওতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, তারা তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

🔴 স্থানীয়দের প্রতিক্রিয়া

ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের গোপন জমায়েত নিয়ে নানা প্রশ্ন উঠছে।

চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন,
“এ ধরনের কার্যক্রম শান্ত পরিবেশকে অস্থির করে তুলতে পারে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা।”

🔴 প্রশাসনের অবস্থান

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান,
সামাজিক শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

🔴 পরিস্থিতি

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *