নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের তীব্রতায় মাত্র চার দিনে ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, দেশের ৯ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে বুধবার রাতে দেওয়া সারাদেশের পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বুধবার দেশের ১০ জেলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে চারজন, জামালপুরে দুজন, বরগুনায় দুজন, পিরোজপুরে দুজন, ময়মনসিংহে একজন, বাগেরহাটে একজন, রংপুরে একজন, রাজবাড়ীতে একজন, গাজীপুরে একজন ও শরীয়তপুরে একজন মারা যান।
এর আগে রবিবার (২৬ এপ্রিল) ১৪ জন, সোমবার (২৭ এপ্রিল) ৯ জন এবং মঙ্গলবার (২৮ এপ্রিল) ৮ জন বজ্রপাতে প্রাণ হারান।
আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক করে বলেছে, ‘শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই।’

