নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে বখতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
মৃত বখতিয়ার রহমান উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কীটনাশক ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলা পরিষদ চত্বরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রশাসনের বক্তব্য:
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ওই ব্যক্তি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে প্রচণ্ড ভিড় ও গরমের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
