পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অর্থাভাবে চিকিৎসার জন্য নিজের সন্তানকে হস্তান্তরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা এস এম এনামুল হক।
ঘটনার প্রেক্ষাপট:
উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের স্বেচ্ছাসেবক দল নেতা আত্তাব গাজী (৪৫) দীর্ঘদিন ধরে লিভার টিউমার ও সিরোসিসে আক্রান্ত। অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। চার কন্যা ও স্ত্রীকে নিয়ে চরম অনিশ্চয়তায় থাকা পরিবারটি স্বামীর চিকিৎসার খরচ জোগাতে উপায় না পেয়ে ছোট সন্তানকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের।
মানবিক উদ্যোগ:
রোববার (২৯ মার্চ) দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আত্তাব গাজীর খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা তার স্ত্রীর হাতে তুলে দেন এনামুল হক। তিনি উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তরের ব্যবস্থা করেন এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
এর আগে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ আত্তাব গাজীর চিকিৎসার খোঁজ নেন খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এমন মানবিক উদ্যোগে পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
