নিজস্ব প্রতিবেদক:
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ইতালির লেইজ শহরে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন।
অভিযোগ রয়েছে, হত্যার পর তিনি ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের লাশ দেখান এবং খুনের কথা স্বীকার করেন।
নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। তারা মো. দেলোয়ার শেখের ছেলে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, ঘটনাটি ইতালিতে ঘটেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

