অনুসন্ধানী প্রতিবেদন এক্সক্লুসিভ গণমাধ্যম নিরাপত্তা বক্তব্য সারাদেশ

ব্রাহ্মণপাড়ায় গ্রাম পুলিশের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর

নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও মুন্নি ইসলাম গ্রাম পুলিশের সদস্যদের কাছে বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি, স্থানীয় সমস্যা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে জানতে চান। এ সময় কয়েকজন গ্রাম পুলিশ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়কে ঘিরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং বাল্যবিবাহের বিষয়টি আলোচনায় আসে।

এসব অভিযোগের বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সভায় মাদক ও ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। ইউএনও বলেন, প্রশাসনিক তৎপরতা জোরদারের পাশাপাশি গ্রাম পুলিশ, অভিভাবক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা এবং সচেতনতা বাড়াতে পারলে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য ক্যানসারের মতো ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের বিস্তার রোধ করতে না পারলে আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে ইউএনও মুন্নি ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে বিভিন্ন ক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। গ্রাম পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন করে সঠিক সময়ে তথ্য দিলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি বলেন, সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে গ্রাম পুলিশসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

সভায় গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় অপরাধ, অনিয়ম, মাদক, চোরাচালান ও বাল্যবিবাহের বিষয়ে সতর্ক থেকে প্রশাসনকে দ্রুত তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বেলা ১টায় মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *