নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে জাতীয় সংসদে সরব হয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি ক্রিকেটিয় ভাষায় বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করেন।
অবদান নিয়ে পার্থের বিশ্লেষণ:
পার্থ বলেন, ‘শুনেন, আপনারা ছয় বলে ১২ রান করেছেন। কিন্তু, এর আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনারা এমন কথা বলবেন না যাতে দেশবাসী বিভ্রান্ত হয়, যেন জুলাইয়ে আমাদের কোনও কন্ট্রিবিউশনই নাই। যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছে। অবদান কারও কম নয়।’
গণভোট ও সংবিধান নিয়ে প্রশ্ন:
গণভোটের কারিগরি দিক নিয়ে প্রশ্ন তুলে পার্থ বলেন, ‘আপনারা গণভোটে চারটি বিষয় দিয়েছেন। কিন্তু কোনও ভোটার যদি একটি বিষয়ে একমত না হয়, তবে সে কী করবে? হ্যাঁ-তে ভোট দেবে নাকি না-তে? আপনারা তো তাকে বাধ্য করেছেন।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে বানাতে চাইতেন, তবে সেই সময় রেভল্যুশনারি (বিপ্লবী) বা ট্রানজিশনাল সরকার গঠন করলেন না কেন? একটি সাধারণ সরকার গঠন করে, পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধান বাতিল করতে চাচ্ছেন, এটা হয় না।’
জাতীয় ঐক্যের আহ্বান:
সংবিধানকে মুক্তিযুদ্ধের দলিল উল্লেখ করে পার্থ বলেন, ‘সংবিধান ছুড়ে ফেলব কেন? আমরা চাইলে তো পরিবর্তন বা সংশোধন করতে পারি।’ তিনি সংসদের সকল সদস্যকে জুলাইয়ের স্পিরিট বজায় রেখে ইতিবাচক কিছু করার এবং জাতীয় ঐক্যের পথে হাঁটার আহ্বান জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশনে পার্থের বক্তব্য সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

