৫ দিনের রিমান্ড শেষে পুনরায় ৭ দিনের আবেদন; শুনানি শেষে ৬ দিনের মঞ্জুর করলেন আদালত

মিরপুরে দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ফের ৬ দিনের রিমান্ডে

অপরাধ ‍ও দুর্নীতি এক্সক্লুসিভ জাতীয় ঢাকা লিড নিউজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবারও ছয় দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

আদালতের কার্যক্রম:

এর আগে এই মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ সেই রিমান্ড শেষ হওয়ায় তাঁকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারের প্রেক্ষাপট:

গত ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে মামুন খালেদকে আটক করে ডিবি পুলিশ। উল্লেখ্য, মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে বহাল ছিলেন এবং পরবর্তীতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লবের পর ছাত্র-জনতা হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *