বলিউড

এবার জাপান জয়ের মিশনে রণবীরের ‘ধুরন্ধর’

ভারতীয় বক্স অফিসে দারুণ সাফল্যের পর এবার আন্তর্জাতিক বাজারে আরও এক ধাপ এগোচ্ছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। আগামী ১০ জুলাই জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ উপলক্ষে দেশটির দর্শকদের উদ্দেশে বিশেষ ভিডিও বার্তাও দিয়েছেন রণবীর সিং।

ভিডিও বার্তায় রণবীর বলেন, ‘আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সর্বকালের অন্যতম বড় ভারতীয় সিনেমার অভিজ্ঞতা। বড় পর্দায় “ধুরন্ধর” দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

রণবীরের এই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাপানি দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন নির্মাতারা।

স্পাই-অ্যাকশনধর্মী ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর। গুপ্তচরবৃত্তি, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অ্যাকশননির্ভর গল্পে নির্মিত এই সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন এবং অর্জুন রামপাল।

মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’। নির্মাতাদের দাবি, ছবির প্রথম কিস্তি ও সিক্যুয়েল মিলিয়ে বিশ্বব্যাপী কয়েক হাজার কোটি রুপির ব্যবসা করেছে। এছাড়া ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শুধু ভারতেই এক হাজার কোটি রুপি বেশি আয় করেছে।

গত কয়েক বছরে জাপানে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বড় বাজেটের অ্যাকশনধর্মী ও ভিজ্যুয়াল এফেক্টসমৃদ্ধ চলচ্চিত্রগুলো দেশটির দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছে। সেই কারণেই ‘ধুরন্ধর’র জাপান মুক্তিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

নির্মাতাদের প্রত্যাশা, ভারতের মতো জাপানেও দর্শকদের ভালোবাসা পাবে সিনেমাটি। এখন দেখার বিষয়, ভারতীয় বক্স অফিসে সাফল্যের ধারা জাপানের প্রেক্ষাগৃহেও ধরে রাখতে পারে কি না ‘ধুরন্ধর’।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *