ফরহাদ হোসেন
কাওরান বাজারের মোট ২৪ বিঘা জমির যে কোন এক পাশের ৫-৬ বিঘা জমির উপরে আধুনিক ভবন নির্মাণ করে বৈধ ব্যবসায়ীদের স্থানান্তর করা ও মাইকিং করে ব্যবসায়ীদের উচ্ছেদ হওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১শে আগষ্ট) রাজধানীর কাওরানবাজার চিকেন মার্কেট সমিতির অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ১ নং ডিআইট মার্কেটের ব্যবসায়ী নেতা মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া বলেন, কাওরান বাজারের ব্যবসার ইতিহাস দীর্ঘদিনের প্রায় এক থেকে দেড়শ বছরের। আশির দশকে সালামী ও নির্মান উন্নয়ন খরচ দিয়ে কাওরান বাজাররের ব্যবসায়িরা স্থায়ী বরাদ্দপ্রাপ্ত হন। পরবর্তীতে সিটি করপোরেশন রাজস্ব পরিশোধের পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়ন ও ইনকাম ট্যাক্স ভ্যাট ইউটিলিটি চার্জ নিয়মিত প্রদান করে আসছেন এবং মার্কেট রক্ষনাবেক্ষন সার্ভিস ফি পরিশোধ করে আসছেন।
তিনি বলেন, কাওরান বাজারের মার্কেট গুলো বরাদ্দ দেওয়ার পর থেকে ব্যবসায়িগনরা অনেক অর্থ বিনিয়োগ করে মার্কেট চালু রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। উক্ত স্থায়ী বরাদ্দ প্রাপ্ত মার্কেটগুলোতে দোকান সংখ্যা প্রায় আড়াই হাজার হলেও এর সাথে প্রায় দশ হাজার পরিবার ও ব্যবসায়ি শ্রমিক পাইকারী ব্যপারী সহ কর্মরত লোকের সংখ্যা প্রায় দশ লক্ষ। এমতাবস্থায় ২৯/০৮/২০২৬ইং তারিখে ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় কিচেন মার্কেট স্থানান্তরের সংবাদ পরিবেশন ব্যবসায়িগন বিস্মিত ও আতংকিত।
তিনি অভিযোগ আরো বলেন, ব্যবসায়িদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই এধরনের সিদ্ধান্ত কিভাবে হলো তা বোধগম্য নয়। পাশাপাশি মার্কেট ছেড়ে দেয়ার মাইকিং করায় ব্যবসায়িদের কর্মহীন হওয়ার ভয়ে ও ক্রেতা সাধারণ আতংকিত ও ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা এধরনের সংবাদ পরিবেশনের ও মাইকিংয়ের তীব্র নিন্দা জানাই। প্রায় দশ লক্ষ লোকের সাভাবিক জীবন যাপন আজ হুমকির মুখে এ থেকে পরিত্রানের লক্ষে স্থায়ী বরাদ্দপ্রাপ্ত মার্কেটের ব্যবসায়িগন আলোচনা করে কয়েকটি দাবী এবং একটি সিদ্ধান্ত গ্রহন করেছি। যা নিম্নে উল্লেখ করা হয়:
১. মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান এবং প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাত।
২. যানজট নিরসনের লক্ষে পেট্রোবাংলা থেকে জনতা টাওয়ার পর্যন্ত রাস্তাটি ও ভিআইপি রোডের সাথে সংযোগ সড়কগুলো যেমন প্রথম আলো সামনের সড়ক, ওয়াসার সামনের সড়ক ইত্তেফাকের সামনের সড়ক এবং হোটেল লাভ ইঞ্চির সামনের সড়ক থেকে অবৈধ দখল মুক্ত করতঃ নির্বিঘ্নে যান চলাচলের যথাযথ ব্যবস্থা করার দাবী জানান।
৩. কাওরান বাজারের মধ্যে উন্নত বিশ্বের আদলে একটি আধুনিক মার্কেট নির্মান করে উহাতে স্থায়ী বরাদ্দ প্রাপ্ত ব্যবসায়ীগনকে বর্তমান আয়তন ঠিক রেখে ব্যবসায়ীদের কাওরান বাজারেই পুনঃবাসনের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ১ নং ডিআইটি মার্কেটের ব্যবসায়ী নেতা মোহাম্মদ বেলাল হোসেন, মোঃ জহিরুল ইসলাম ও আব্দুর রহমান, ২ নং সুপার মার্কেটের মোঃ দেলোয়ার হোসেন খান, মোঃ দেলোয়ার হোসেন তালুকদার ও মোঃ আজাদ হোসেন খান, ৩নং ভবন কিচেন মার্কেট এর মোঃ বেলায়েত হোসাইন, মোঃ ফিরোজ আলম, মোঃ আবু বকর সিদ্দিক, হাজী মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মজিবুর রহমান, পাকা আড়ৎ ভবনের মোঃ সাইফুর রহমান চৌধুরী, মোঃ সোহেল আহম্মেদ, মোঃ কুসুম, মোঃ নুরুজ্জামান এবং মোঃ মনোয়ার হোসেন মনু সহ সাধারণ ব্যবসায়ীরা।

