গাজীপুর দুর্ঘটনা

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ল, বেঁচে গেলেন আরোহী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন আরোহী।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গীর নতুন বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

অলৌকিকভাবে বেঁচে যাওয়া মোটরসাইকেল আরোহী অপু মিয়া (৩৯), গাজীপুরের পূবাইল এলাকার পদ হারবাইদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী সাবরেজিস্টার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী নতুন বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৩০-২৮৮৮) ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় মোটরসাইকেল আরোহী অপু মিয়া ছিটকে পড়ে এবং লাফ দিয়ে প্রাণে রক্ষা পান, তবে তিনি আহত হন।

সূত্র জানায়, ট্রেন আসার সিগনাল হলে নিয়ম অনুযায়ী রেলক্রসিং বন্ধ হয়ে যায়। কিন্তু পকেট গেট দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি রেললাইনে উঠতেই ট্রেন এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

পরে আহত অপু মিয়াকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নুর আলম মিয়া (পিপিএম) বলেন, ট্রেনের সিগনাল পড়ায় রেলগেট বন্ধ ছিল। পকেট গেট দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি রেললাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *