আন্তর্জাতিক দুর্ঘটনা

চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর একটি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতে থাকা চারজন দোকানি রয়েছেন।

এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল ধসে পড়ার সময় আশপাশে অবস্থানরত মানুষজনের ওপর ধ্বংসস্তূপ পড়ে যায়, ফলে হতাহতের ঘটনা ঘটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বৃষ্টিপাতের পর দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *