যুদ্ধ সংবাদ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০, সীমান্তে ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত চালানো একাধিক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম।

নতুন হামলাগুলো মূলত সিরিয়া সীমান্তসংলগ্ন এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো হয়েছে। এর ফলে ইসরায়েল-লেবানন সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ব্রিতাল এলাকার পার্বত্য নাবি স্রেইজ অঞ্চলে পাঁচটি পৃথক বিমান হামলা চালানো হয়। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতির পর এলাকাটি তুলনামূলক শান্ত থাকলেও নতুন এই হামলা পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলেছে।

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর টাইরের উপকণ্ঠেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে জানা যায়, একটি ভবনে আঘাত হানার পর শহরের ভেতরেও আরেকটি বিস্ফোরণ ঘটে।

হামলার আগে লেবাননের সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে বহু পরিবার এলাকা ছেড়ে আশ্রয় নেয়।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক মাধ্যমে দুটি সতর্কবার্তা প্রকাশ করেন। সেখানে দক্ষিণ লেবাননের বুর্জ রহাল এবং টাইরের দুটি এলাকা খালি করার আহ্বান জানানো হয়। ইসরায়েলের দাবি, এসব এলাকায় হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন উদ্ধারকর্মী এবং একজন শিশু রয়েছে। ডেইর কানুন আল-নাহর গ্রামে হামলায় দুইজন উদ্ধারকর্মী ও এক সিরীয় কিশোরী নিহত হয়। এছাড়া হানাওয়াই এলাকায় আরও চার উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

নিহত উদ্ধারকর্মীরা ‘রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশন’ এবং ‘ইসলামিক হেলথ কমিটি’-এর সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠন দুটি যথাক্রমে আমাল আন্দোলন ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ বলে পরিচিত।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তের কাছে সন্দেহজনকভাবে সশস্ত্র অবস্থায় চলাচলরত দুই ব্যক্তিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণ করেছে। সংগঠনটির সংসদীয় ব্লকের প্রধান মোহাম্মদ রাদ বলেছেন, ইসরায়েল লেবাননের গ্রাম ধ্বংস ও মানুষকে বাস্তুচ্যুত করার নীতি অব্যাহত রেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ৯ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, তারা লেবাননের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *