ফরহাদ হোসেন
গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-১৬৪৭)।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত গণপূর্ত ভবন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. বদরুল আলম সবুজ।
বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের লক্ষ্যে ৬০২ জন ও ৮৯৩ জন কর্মচারীর দুটি পৃথক ফাইল দীর্ঘদিন ধরে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
তারা আরও বলেন, অনেক কর্মচারী চাকরিজীবন শেষ করে অবসরে যাচ্ছেন কিংবা মৃত্যুবরণ করছেন। কিন্তু স্থায়ী পদে নিয়োগ না হওয়ায় তারা পেনশনসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে দ্রুত স্থায়ীকরণের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান নেতারা।
এছাড়া কর্মসূচি থেকে আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য পদ থাকা বিভিন্ন পদে স্থায়ী সেটআপ সৃষ্টি করে নিয়মিত নিয়োগ প্রদান।
কার্যভিত্তিক ও দৈনিকভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়মিত পদে অন্তর্ভুক্ত করা এবং আদালতের রায় বাস্তবায়ন।
আউটসোর্সিং কর্মচারীদের জন্য সুস্পষ্ট নিয়োগ নীতিমালা প্রণয়ন। গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের জন্য পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা। পূর্বের ন্যায় সকল কর্মচারীকে বার্ষিক পোশাক প্রদান। সরকারি বাসভবন এলাকা থেকে বহিরাগত উচ্ছেদ করা এবং নিয়মিত কর্মচারীদের উচ্ছেদ না করে আবাসনের নিরাপত্তা নিশ্চিত করে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
সংগঠনের নেতারা জানান, আগামী ১৬ আগস্ট ২০২৬-এর মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও জানান, আগামী ১৭ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং আগামী ২৪ আগস্ট ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে। বক্তারা কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

