অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যম তথ্যপ্রযুক্তি মতামত মানবিক সারাদেশ

শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ নয়, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে: প্রতিমন্ত্রী হাবিব



‎ফরহাদ হোসেন
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু মেধাবী হওয়া বা ভালো ফলাফল করাই জীবনের চূড়ান্ত সফলতা নয়; সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই মানুষকে সত্যিকারের মহান করে তোলে।

‎বুধবার ৯ সেপ্টেম্বর রাজধানীর শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ তিনি এসব কথা বলেন।

‎শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সক্ষম করে তুলতে পারে এবং দেশের প্রতি বড় অবদান রাখতে পারে।

‎তিনি বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের উদ্বুদ্ধ করতে হবে। জীবনে সফল হতে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছালেও হাল ছাড়া যাবে না।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘চেষ্টা করে তার কাছেই কোনো কিছু অসম্ভব নয়।’ আজকের শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য প্রেরণা ও পথ দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎তিনি বলেন, শুধু সড়ক, সেতু, স্কুল-কলেজের দালান নির্মাণ রাষ্ট্রের দৃশ্যমান অগ্রগতি হতে পারে। শিক্ষিত ও মানবিক জনশক্তিই একটি দেশের মূল চালিকাশক্তি। দেশকে এগিয়ে নিতে শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হবে।

‎শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, শিক্ষা মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের মূল উপাদান। এই মহান আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও যুগোপযোগী মানবসমত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

‎শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের কিছু জায়গার বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে একটি ভিডিও দিয়েছেন, যাতে এ বিষয়ে সহযোগিতা করা যায়। বিদ্যালয়ের আরও কিছু সমস্যা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আর্থিকভাবে কিছু সহযোগিতা করার ব্যবস্থা করা হবে।

‎মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই আগামী প্রজন্মকে মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না। এ জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মাদক একটি মরণ।

‎মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারকেও এক ধরনের নেশা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি একটি কার্যকর ও প্রয়োজনীয় সেবক। তবে এর অপব্যবহার বিপদজনক হয়ে উঠতে পারে। প্রযুক্তির দক্ষতার সঙ্গে কল্যাণকর ব্যবহার না করলে তা ব্যক্তি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে। তাই প্রযুক্তির ইতিবাচক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে।

‎প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইভাবে ঢাকা-৯ আসনকেও সম্মিলিতভাবে সীমাবদ্ধতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এগিয়ে নিতে চান তিনি।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *