নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে কোথাও কোথাও বাতাসের গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সাধারণভাবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বইলেও অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এ সময় বজ্রপাত ও হঠাৎ ঝড়ের ঝুঁকি বেশি থাকে। তাই খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

