অপরাধ ‍ও দুর্নীতি ঢাকা নারী ও শিশু মানবাধিকার লিড নিউজ

ইডেনছাত্রীকে যৌন নিপীড়ন; গায়ক জাহিদ অন্তু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইডেন কলেজের ছাত্রী ও অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই আদেশ প্রদান করেন।

ভয়াবহ নির্যাতনের বর্ণনা: আদালতের আদেশের পর এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জান্নাতুল তাজরিয়া অরা তাঁর ওপর হওয়া পৈশাচিক নির্যাতনের বর্ণনা দেন। তিনি জানান, জাহিদ অন্তু তাকে একটি নতুন প্রজেক্টের ‘প্রোডাক্ট শুট’ করার কথা বলে নিজের বাসায় ডেকে নেয়। সেখানে কাজের আলোচনার এক পর্যায়ে অন্তু তাঁর ওপর শারীরিক ও যৌন নিপীড়ন শুরু করে। অরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর, চুল ধরে টানা এবং গলা চিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। অরা বলেন, “সে বারবার দরজা বন্ধ করে আমাকে মারছিল, আমি কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে বের হয়ে আসি।”

অতীত সম্পর্ক ও প্রতারণা: অরা সংবাদ সম্মেলনে আরও জানান, অনার্স প্রথম বর্ষে পড়ার সময় থেকেই জাহিদ অন্তুর কাছে গিটার শিখতেন তিনি। সেখান থেকেই পরিচয়ের সূত্র ধরে অন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সাথে সম্পর্ক গড়ে তোলে এবং একাধিকবার তাঁর অনিচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে অন্তু সেই সম্পর্ক অস্বীকার করতে শুরু করলে অরা পেশাদারিত্ব বজায় রেখে দূরত্ব বজায় চলছিলেন। কিন্তু আবারও কাজের অযুহাতে ডেকে নিয়ে এই ভয়াবহ কাণ্ড ঘটায় অভিযুক্ত গায়ক।

আইনি পদক্ষেপ: এই ঘটনায় অরার দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত জাহিদ অন্তুকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মানবাধিকার কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *