নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী চার বছরের মধ্যে এই কার্যক্রমকে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে’ রূপান্তর করে সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সম্মানজনক স্বীকৃতি ও আর্থিক সহায়তা:
মন্ত্রী জানান, প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে, যা নাগরিক হিসেবে তাদের এক অনন্য সম্মানজনক স্বীকৃতি দেবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি চললেও এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। কার্ডধারীরা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।
বিশ্বব্যাংকের প্রশংসা ও সহযোগিতা:
সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

