নিজস্ব প্রতিবেদক | এইচ এম শাহীন
জাতীয় দৈনিক আজকের দুর্নীতি
কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরমান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে দেবিদ্বার থেকে কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত আরমান দেবিদ্বার উপজেলার বিংলাবাড়ি গ্রামের ফখরুজ্জামানের ছেলে।
দুর্ঘটনায় আহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সড়কের সংকীর্ণতা, বেপরোয়া গাড়ির গতি ও চালকদের অসচেতনতার কারণে এ মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নিহত আরমানের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা দুটি মিরপুর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

