আন্তর্জাতিক খেলাধুলা সারাদেশ

তাসকিন-রানার তোপে বিপর্যয়ে জিম্বাবুয়ে

টস জিতে আগে বোলিং করতে নামা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ইনিংসের বয়স ১৫ ওভার গড়ানোর আগেই ৫ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তাসকিন-নাহিদ রানা, দুজনেই জোড়া উইকেট নিয়েছেন। ১৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের রান ৪৭।

সপ্তম ওভারে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। মিড অফে বল পাঠিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন বেন কারান। মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।

এক বল পরই আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ২৪ বলে ১৭ রান করা এই ব্যাটার ক্যাচ তুলে দিলে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

এক বল পর তাসকিনের আগুনঝরা বোলিংয়ে গোল্ডেন ডাকের শিকার হন ক্রেইগ আরভিন। ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।

জিম্বাবুয়ের ধস আরও বাড়ান নাহিদ রানা। ১২ বলে মাত্র ১ রান করা সিকান্দার রাজাকে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এই গতিমান পেসার। এক ওভার পর আবার উইকেট পান নাহিদ রানা। এবার তার শিকার হয়ে ফেরেন ওয়েসলি মাধেবারে। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *