Uncategorized

যাত্রাবাড়ীতে ‌‘উগ্রবাদী সন্দেহে’ আটক ৬ জন রিমান্ডে

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটকদের রিমান্ডে নিয়েছে পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর পর পুলিশের আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

রোববার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তাদের হাজির করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মাসুম খান।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিত।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ‘মিনি কক্সবাজার’ সংলগ্ন বালুর মাঠে কয়েকজন ব্যক্তি একটি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববার ভোর সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালানো হলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে ওই ছয়জনকে আটক করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেখানে উপস্থিত থাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তারা উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করে পুলিশ। 

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *