আজাদ বাহার জামালী , বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাকে গাছ কাটার কার্যক্রম পরিদর্শনে গিয়ে দায়িত্ব পালনকালে বাধা, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরেস্ট রেঞ্জার নীলোৎপাল সরকার অভিযুক্ত বাংলা টিভির প্রতিনিধি রুয়েল কামাল (৪৫) ও নাগরিক টিভির প্রতিনিধি মো. আলী ইমনের বিরুদ্ধে বড়লেখা থানায় জিডি করেছেন।
বড়লেখা থানার এসআই নিউটন দত্ত জিডির সত্যতা নিশ্চিত করেছেন।
জিডি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারের দক্ষিণ পাশে জলিল ফুলু মিয়া পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় টেন্ডারপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাছলিমা এন্টারপ্রাইজ গাছ কাটার কাজ করছিল। এ সময় বন বিভাগের কাছে খবর আসে, টেন্ডারের নির্ধারিত মার্কিংয়ের বাইরে একটি গাছ কাটা হচ্ছে। এ অভিযোগের সত্যতা যাচাই করতে বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল মৃধা, ফরেস্ট রেঞ্জার নীলোৎপাল সরকার এবং বিট কর্মকর্তা রফিকুল আলম ঘটনাস্থলে যান। অভিযোগ অনুযায়ী, বিকেল প্রায় ৫টার দিকে সেখানে উপস্থিত হয়ে তদন্ত চলাকালে কাঠালতলী এলাকার রুয়েল কামাল (৪৫) ও রতুলী এলাকার মো. আলী ইমন (৩২) বন কর্মকর্তাদের কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা রেঞ্জ কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। জিডিতে আরও উল্লেখ করা হয়, এ সময় বিট কর্মকর্তা রফিকুল আলম, সৈয়দ নুরুল ইসলাম তানজিল, গিয়াস উদ্দিন, কারমা মুক্তারসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চলে যাওয়ার সময় অভিযুক্তরা বন বিভাগের কর্মকর্তাদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।
অভিযোগের বিষয়ে বাংলা টিভির প্রতিনিধি রুয়েল কামাল ও নাগরিক টিভির প্রতিনিধি মো. আলী ইমনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।
ফরেস্ট রেঞ্জার নীলোৎপাল সরকার জানান, গাছ কাটার কার্যক্রম পরিদর্শনে গিয়ে দায়িত্ব পালনকালে বাধা, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় বাংলা টিভির প্রতিনিধি রুয়েল কামাল ও নাগরিক টিভির প্রতিনিধি মো. আলী ইমনের বিরুদ্ধে বড়লেখা থানায় জিডি করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

