অনুসন্ধানী প্রতিবেদন অপরাধ ‍ও দুর্নীতি মানিকগঞ্জ লিড নিউজ

রেস্টুরেন্টে বসে ঘুসের ১৫ লাখ টাকা গুনছেন মানিকগঞ্জ পৌরসভার প্রকৌশলী; ছবি ফাঁস!

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ লাখ টাকা ঘুস গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘুস লেনদেনের একটি ছবি ফাঁস হওয়ার পর থেকেই ঠিকাদারি মহল থেকে শুরু করে প্রশাসনিক অঙ্গন পর্যন্ত তোলপাড় শুরু হয়েছে।

ঘটনার বিবরণ:

সূত্রমতে, গত ২৯ অক্টোবর বিকেল ৫টা ১০ মিনিটে সাভারের হেমায়েতপুর এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টের দোতলায় এই লেনদেনের ঘটনা ঘটে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, খাবার টেবিলের ওপর রাখা মোটা টাকার বান্ডিল নিশ্চিন্ত ভঙ্গিতে গুনে নিচ্ছেন প্রকৌশলী শাহাদাত। অভিযোগ রয়েছে, রাজবাড়ীর এক ঠিকাদারকে ১২ কোটি ২৬ লাখ টাকার একটি প্রকল্পে কার্যাদেশ ছাড়াই কাজ পাইয়ে দিতে এই ১৫ লাখ টাকা ঘুস নেওয়া হয়েছে।

অনিয়ম ও ঠিকাদারদের জবানবন্দি:

মানিকগঞ্জের তিনটি প্রতিষ্ঠিত ঠিকাদারি প্রতিষ্ঠান— অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স (জেভি), জনি ট্রেডার্স এবং রাফি অ্যান্ড রিকা (জেভি) নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ঘুস ছাড়া তিনি কোনো ফাইলে সই করেন না এবং বিল আটকে রেখে ভয়ভীতি দেখানো তাঁর পুরনো কৌশল।

অভিযুক্তের দাবি:

তবে অভিযোগ অস্বীকার করে শাহাদাত হোসেন জানান, ছবিগুলো ভুয়া ও সাজানো। ছবির বিষয়ে তাঁর অদ্ভুত দাবি, এটি ঘুসের টাকা নয় বরং তাঁর শ্যালিকার বাড়ি করার জন্য ইট কেনার পেমেন্ট দেওয়ার দৃশ্য। কাজের গুণগত মান নিয়ে চাপ দেওয়ায় ঠিকাদার লাভলু তাঁকে হয়রানি করতে এই ছবি ছড়িয়েছেন।

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, ঘুস লেনদেনের এই ঘটনাটি গুরুত্বের সাথে অনুসন্ধান করা হচ্ছে।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *