নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, ঘাতক চালক গ্রেফতার

নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, ঘাতক চালক গ্রেফতার

অপরাধ ‍ও দুর্নীতি আইন আদালত নড়াইল

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে বাকবিতণ্ডার জেরে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) হত্যার অভিযোগে ঘাতক চালক সুজাত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬ যশোর)। র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার নেপথ্যে:

শনিবার (২৮ মার্চ) মধ্য রাতে সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর-নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার ওই পাম্পের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় তার সহযোগী জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক; তাকে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিসিটিভি ফুটেজে শিউরে ওঠা দৃশ্য:

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, তেল না পেয়ে ঘাতক চালক সুজাত প্রকাশ্যেই ম্যানেজারকে হত্যার হুমকি দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাজ শেষে নাহিদ ও তার সহযোগী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে বের হলে ঘাতক ট্রাকটি প্রচণ্ড গতিতে তাদের ধাওয়া করে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

আইনি ব্যবস্থা ও অভিযান:

এ ঘটনায় নিহতের চাচা ও পাম্পের মালিক মো. রবিউল ইসলাম রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) জব্দ করে নাভারন হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজাত আলীকে নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *