এক্সক্লুসিভ জাতীয় ঢাকা রাজনীতি লিড নিউজ

‘জুলাই জাতীয় সনদ’ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই আদেশকে সরকারের ‘অন্তহীন প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন:

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের চতুর্থ তফশিলের ধারা ১৭/২ অনুযায়ী রাষ্ট্রপতির এমন আদেশ জারির কোনো ক্ষমতা নেই। তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিল থেকে রাষ্ট্রপতির এই ক্ষমতা রহিত করা হয়েছে। ফলে কোনো আদেশ দ্বারা সার্বভৌম সংসদের ক্ষমতা হ্রাস করা সম্ভব নয়। তিনি আরও বলেন, “আদেশটির জন্মই বৈধ হলো না। এটি একটি নিউট্রাল জেন্ডার এবং অন্তহীন প্রতারণার দলিল।”

জনরায় ও সংবিধান লঙ্ঘন:

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংবিধান লঙ্ঘন করেছে। তিনি প্রশ্ন তোলেন, “নোট অব ডিসেন্টসহ প্রশ্ন কেন রাখা হলো না? চার প্রশ্নের জবাবে একটি উত্তরে কেন বাধ্য করা হলো? এটি একটি জাতীয় প্রতারণা।” তিনি আরও জানান, রাষ্ট্রপতিকে এই আদেশের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি অপারগতা প্রকাশ করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে ‘রাজহংসীকে জোর করে সোনার ডিম পাড়ানোর’ সাথে তুলনা করে একে ‘অবৈধ ডিম’ বলে মন্তব্য করেন।

বিএনপির অবস্থান ও সংস্কার:

বিএনপি সংস্কার চায় না বলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই সনদের প্রতিটি বাক্য আমরা ধারণ করি। এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল। কিন্তু জনরায়কে সম্মান করতে হবে। ৭০ শতাংশ মানুষের সমর্থন দেওয়ার সুযোগ কেন দেওয়া হলো না?” এছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথের কাগজ সংসদে পাঠানোর এখতিয়ার নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

একটি মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *