নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স ছাড়া বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযান ও অভিযোগ
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নিপু ডি কস্তার গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদ অবস্থায় পাওয়া যায়।
এ সময় তিনি কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি এবং মজুদের যথাযথ কারণও ব্যাখ্যা করতে ব্যর্থ হন।
দণ্ডাদেশ
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত আবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬(১) ধারায় তাকে দেড় লাখ টাকা জরিমানা করে।
অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

